বুধবার । জুন ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শেয়ার

নোয়াখালীতে স্ত্রীর পরকীয়ার জেরে কুয়েত প্রবাসীর আত্মহত্যা


noakhali-probashi

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীর পরকীয়ার জেরে আনোয়ার হোসেন (৪০) নামে এক কুয়েত প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার পর কোনো এক সময় নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

অভিযোগ উঠেছে, ওই প্রবাসীর স্ত্রী তাঁরই এক ভাগ্নের সঙ্গে পালিয়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সম্পদ নিয়ে গেছেন।

নিহত আনোয়ার হোসেন সোনাইমুড়ী উপজেলার ২ নম্বর নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের কেরামত আলী বেপারি বাড়ির মৃত মফিজ উল্ল্যাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে কুয়েতে কঠোর পরিশ্রম করে আসছিলেন আনোয়ার হোসেন। কিন্তু সম্প্রতি তাঁর স্ত্রী আকলিমা আক্তার রিতার (৩০) সঙ্গে একই বাড়ির আ. মালেকের ছেলে ও আনোয়ারের আপন ভাগ্নে সম্পর্কের একজনের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। এই পরকীয়ার ঘটনা নিয়ে পরিবারে তীব্র অশান্তি শুরু হলে একপর্যায়ে স্ত্রী আকলিমা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান।

স্বজনদের দাবি, স্ত্রীর পরকীয়ার খবর পেয়ে গত কিছুদিন আগে কুয়েত থেকে দেশে আসেন আনোয়ার হোসেন। তিনি স্ত্রীকে বুঝিয়ে ঘরে ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টাও করেছেন। তবে স্ত্রী আকলিমা বাড়ি না ফিরে উল্টো আনোয়ারকে ডিভোর্স (তালাক) দেন।

দীর্ঘদিন প্রবাসে খাটার পর একদিকে কষ্টার্জিত অর্থ-সম্পদ হারানো, অন্যদিকে স্ত্রীর এমন বিশ্বাসঘাতকতা ও ডিভোর্স কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না আনোয়ার। তীব্র মানসিক যন্ত্রণা ও ক্ষোভ থেকে শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে তিনি আত্মহননের পথ বেছে নেন।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।