
ফাইল ছবি
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর না হলে যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন চরম হুঁশিয়ারির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে।
ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা ঠিকঠাক কার্যকর না হলে যুক্তরাষ্ট্র ‘আবারও গুলি চালাবে’ এবং ‘বোমা হামলা করবে’। তাঁর এই যুদ্ধংদেহী বক্তব্যের পর বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বিবৃতির পরপরই আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯ দশমিক ৫০ ডলারে পৌঁছায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং বিশ্বজুড়ে সরবরাহ লাইনে বিঘ্ন ঘটার আশঙ্কায় ব্যবসায়ীরা নতুন করে চিন্তিত হয়ে পড়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, মার্কিন হুমকির মুখে তেলের দামে এই সাময়িক উত্থান ঘটলেও বিশ্ববাজারে সামগ্রিক তেলের দাম এখনও গত তিন মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি অবস্থান করছে। বাজার বিশ্লেষকরা বলছেন, লেবানন ও ইরান পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের ওপরই আগামী দিনগুলোতে জ্বালানি তেলের বাজারদর ওঠানামা করবে।















































