বুধবার । জুন ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শেয়ার

সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী


সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেট বিমানবন্দরে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান || ছবি: পিএমও

একদিনের রাষ্ট্রীয় সফরে মৌলভীবাজারে যাওয়ার পথে সিলেট বিমানবন্দরে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জিকে গউস, সিলেট সিটি করপোরেশন প্রশাসক কাইয়ুম চৌধুরী।

সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন প্রধানমন্ত্রী। বেলা ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন সরকারপ্রধান। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সেখান থেকে বিকালে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে এক সভায় যোগ দেবেন।

সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন প্রধানমন্ত্রী।