
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগে ফের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করলে ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
বুধবার জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সুইজারল্যান্ডে স্বাক্ষর হতে যাওয়া নথিটি কোনো চূড়ান্ত শান্তিচুক্তি নয়; বরং এটি ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে। পরবর্তী আলোচনা সন্তোষজনক না হলে ওয়াশিংটন বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করবে বলেও জানান তিনি।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উপস্থিতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কয়েক দশক ধরে ইরান আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ প্রদর্শনে ব্যর্থ হয়েছে।
ট্রাম্প ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। তবে পরবর্তীতে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ায় সংঘাত নিরসনের উদ্যোগ শুরু হয়।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সুইজারল্যান্ডে নির্ধারিত সমঝোতা স্বাক্ষরের পর উভয় পক্ষের মধ্যে আরও বিস্তৃত আলোচনা শুরু হতে পারে। সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আগামী প্রায় দুই মাস ধরে আলোচনা চলার সম্ভাবনা রয়েছে।
সূত্র: এএফপি














































