বুধবার । জুন ১৭, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শেয়ার

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ


jordan

ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে দেশটির সরকার। এই বিশেষ সুবিধার আওতায় দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই সম্পূর্ণ নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জর্ডানে অবস্থান করে কাজ চালিয়ে যাওয়া, কর্মস্থল পরিবর্তন এবং নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করারও সুযোগ পাবেন তারা।

আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যায় জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই সুখবর জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডান সরকার প্রবাসী শ্রমিকদের জন্য যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, তার আওতায় কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফেরত যাওয়া যাবে। আবার শর্তসাপেক্ষে দেশটির ভেতরেই কাজ করা এবং কর্মস্থল পরিবর্তন করার সুযোগও থাকছে।

বিশেষ কিছু ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি পাবেন। এমনকি যারা শুধু ভ্রমণ বা ভিজিট ভিসায় জর্ডানে এসেছেন, তারাও চাইলে এখন থেকে ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এই সাধারণ ক্ষমার আওতায় ঠিক কী কী সুবিধা পাওয়া যাবে এবং এর সুনির্দিষ্ট শর্তাবলি কী হবে, সে বিষয়ে বিস্তারিত গাইডলাইন চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

এদিকে জর্ডানের এই সাধারণ ক্ষমা ঘোষণাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের দালাল ও মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক ও দূরে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সাধারণ ক্ষমার আওতায় যেকোনো ধরনের সুবিধা গ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের সরাসরি দূতাবাসের আইনি সহায়তা নিতে হবে, যাতে কোনোভাবেই তারা প্রতারণার শিকার না হন।

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে বর্তমানে প্রায় ৬৫ হাজার থেকে ৯০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যাদের জন্য এই ঘোষণা অত্যন্ত বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, প্রবাসীদের মধ্যে একটি বড় অংশই নারী কর্মী, যারা দেশটির তৈরি পোশাক বা গার্মেন্টস খাতে নিয়োজিত রয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, জর্ডানের পোশাক শিল্পেই প্রায় ৩০ হাজার বাংলাদেশি নারী কর্মী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।