
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার জুলাই সনদের প্রতিটি ধারা, দাঁড়ি-কমা ও শর্ত মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, প্রধানমন্ত্রীও বারবার স্পষ্টভাবে এ অঙ্গীকারের কথা তুলে ধরছেন এবং সরকার সংসদ ও জনপরিসরে একই অবস্থান ব্যাখ্যা করছে।
শুক্রবার খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি উল্লেখ করেন, জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং সেখানে কোন বিষয় সংবিধান সংশোধনের মাধ্যমে, কোনটি অধ্যাদেশ আকারে এবং কোনটি সংসদে আইন পাস করে বাস্তবায়ন হবে—তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তবে আইনমন্ত্রী অভিযোগ করেন, একটি মহলের চাপে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫’ নামে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সনদে নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে। তার ভাষ্য অনুযায়ী, সংবিধানের চতুর্থ তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর অধ্যাদেশের মাধ্যমে আইনের ক্ষমতা প্রয়োগের সুযোগ সীমিত হয়ে গেছে।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের একটি আইন ব্যবহার করে ওই আদেশকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলেও সংসদীয় কাঠামোর বাইরে এ ধরনের উদ্যোগ সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ। একই কারণে এ সংক্রান্ত গণভোট অধ্যাদেশও বৈধতা সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।










































