শুক্রবার । মে ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ মে ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
শেয়ার

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল


Mirza-Fakhrul

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী রয়েছে যারা ছোটখাটো ইস্যুকে বড় করে তুলে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, সরকার ও জনগণ কেউই দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি চায় না।

শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রবীন্দ্রচর্চাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি এবং তার সাহিত্য মানুষকে সুন্দর ও আলোকিত জীবনের শিক্ষা দেয়। তাকে সাম্প্রদায়িকভাবে উপস্থাপন করার চেষ্টা জ্ঞানের সীমাবদ্ধতা ও অনুভূতির অভাবের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের জন্য আন্দোলন ও সংগ্রাম করে আসছে। জুলাইয়ের তরুণদের আন্দোলনকে তিনি ‘জুলাই যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ এখন নতুন প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে।

এসময় তিনি অভিযোগ করেন, অতীতে দেশের অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করেই বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।