সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২২ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি এমপি


Rafiqul-Islam

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন ঝালকাঠী-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সোমবার (২২ জুন) সংসদে বাজেট বক্তৃতায় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ তুলে বলেন, যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তিনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় জামায়াত প্রার্থীরা বিতর্কিত বক্তব্য দিচ্ছেন এবং ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন। তার দাবি, ‘ইসলাম’ শব্দ নামের সাথে থাকলেই তা প্রকৃত ইসলামী আদর্শ হয় না।

একই অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনীতি বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, মসজিদে নামাজ ও কোরআন তিলাওয়াতের পরিবেশ বজায় রাখতে হবে, সেখানে কোনো রাজনৈতিক সভা বা প্রচারণা গ্রহণযোগ্য নয়।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধে আইন প্রণয়নের দাবি জানান এবং এ বিষয়ে অন্যান্য সংসদ সদস্যদের সমর্থন প্রত্যাশা করেন।