
সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা/ছবি:সংগৃহীত
প্রত্যাহার আদেশের একদিন পর আজ রাতে সিলেট ছাড়ছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। নতুন কেউ যোগদান করার আগ পর্যন্ত সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সোমবার (২২ জুন) রাতে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ রাতেই ডিসি স্যার সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিনি চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।”
ভোলাগঞ্জের সাদাপাথর লুটকাণ্ডের আলোচিত সময়ে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে সিলেটে এসেছিলেন সারওয়ার আলম। তবে এবার হযরত শাহজালাল (রহ.) মাজারের মাত্র চার দিনের টাকার হিসাব দেখিয়ে ফের আলোচনার তুঙ্গে থাকা অবস্থাতেই সিলেট ছাড়তে হচ্ছে তাঁকে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসন হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করে এবং মাজার প্রাঙ্গণে নিজস্ব দানবাক্স স্থাপন করে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মাজার-সংশ্লিষ্ট ব্যক্তি ও ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। তারা মাজারের অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়ে এমন প্রশাসনিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই হঠাৎ জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত আসে, যা নিয়ে বর্তমানে সিলেটজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোচনা চলছে।









































