
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম
একসময়ের মাঠ কাঁপানো ও বহুল আলোচিত সাবেক র্যাব ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার এক অফিস আদেশে তাকে প্রত্যাহারের এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এই আদেশে সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারি চাকরিতে তার আপসহীন ভূমিকার জন্য দেশজুড়ে বিপুল পরিচিতি পান। বিশেষ করে সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজাল, ক্যাসিনো বিরোধী অভিযান এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিন শতাধিক ঝটিকা অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই ২০২০ সালের ৯ নভেম্বর তাকে এলিট ফোর্স র্যাব থেকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়। এরপর দীর্ঘ সময় পদোন্নতি বঞ্চিত থাকার পর, ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।
এর আগে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সারওয়ার আলম। সেই ঘটনাকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করে ২০২২ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’র শাস্তি দিয়েছিল।
নানা চড়াই-উতরাই পেরিয়ে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর, আজ আকস্মিক এক আদেশে তাকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে পুনরায় সচিবালয়ে ফিরিয়ে নেওয়া হলো।











































