
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তার মতে, আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার, তবে ব্যক্তিগত আদর্শ হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে মেসি ইতিহাসের সেরা। যদি কারও সন্দেহ থাকে, সেটা শুধু সন্দেহ করার জন্যই। এ নিয়ে আর কিছু বলার নেই। তবে আমার আইডল নেইমার, আর সেরা হলো মেসি।”
বর্তমানে ফিটনেস পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা এই তরুণ উইঙ্গার জানান, তিনি এখনই কোনো ঝুঁকি নিতে চান না। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও পুরোপুরি ফিট হওয়ার আগে নিজেকে প্রস্তুত করতেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।
ইয়ামাল বলেন, কোচের নির্দেশনা মেনে ধীরে ধীরে শতভাগ ফিটনেসে ফেরাই তার লক্ষ্য। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়ো করতে চান না বলেও জানান এই উদীয়মান তারকা।









































