শনিবার । জুন ২০, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ২০ জুন ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
শেয়ার

ফুটবল উন্মাদনায় চঞ্চল চৌধুরী, ডিজিটাল তুলিতে ফুটিয়ে তুললেন মেসিকে


Chanchal-Messsi

নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ—এমনকি তার স্বাভাবিক হাসিটিও। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে চলছে ফিফা বিশ্বকাপের জমজমাট আসর। ফুটবলের এই মহাযজ্ঞের উন্মাদনায় কাঁপছে পুরো বাংলাদেশও। মাঠে লাল-সবুজের দল না থাকলেও ফুটবলপ্রেমীরা মূলত ভাগ হয়ে গেছেন দুই পরাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে। চারদিকে এখন উড়ছে প্রিয় দলের পতাকা আর জার্সি।

বিশ্বকাপের এই তুঙ্গে থাকা ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও বেশ সরব। প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। তবে অন্য সবার চেয়ে একটু ভিন্নভাবে নিজের ফুটবল উন্মাদনা প্রকাশ করলেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ডিজিটাল তুলির নিখুঁত আঁচড়ে তিনি স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসির এক চমৎকার স্কেচ।

আজ শনিবার (২০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিওনেল মেসির এই স্কেচটি শেয়ার করেন চঞ্চল। নিখুঁত ছোঁয়ায় তিনি ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ এবং তার সেই চেনা স্বভাবসুলভ হাসি।

মেসির এই প্রতিকৃতি পোস্ট করে চঞ্চল চৌধুরী ক্যাপশনে লিখেছেন, “আমি মেসির একটা ছবি আঁকব—এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।”

স্কেচটি ফেসবুকে পোস্ট করার পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। অভিনেতার এমন বহুমুখী প্রতিভায় মুগ্ধ হয়ে ভক্ত-সমর্থকরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আপনি দুই বাংলার খ্যাতিমান অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও।’ আবার আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে সেরা।’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। চারুকলা ইনস্টিটিউটের প্রাক্তন এই শিক্ষার্থী প্রায়ই অবসর সময়ে প্রিয়জন ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ইতোমধ্যে তার ডিজিটাল তুলিতে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেক গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি ধরা পড়েছে।