শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

কলকাতার সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক চঞ্চল চৌধুরীর


Chanchal- Choudhury

শুধু অভিনয় নয়, গানেও সমান পারদর্শী দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে নিজের কণ্ঠে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেও এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি।

পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘শেকড়’–এ শোনা যাবে চঞ্চল চৌধুরীর কণ্ঠে গাওয়া দুটি বাউল গান। সিনেমাটির জন্য তিনি নতুনভাবে রেকর্ড করেছেন বাউলসম্রাট বিজয় সরকারে ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’ এবং বাউল শিল্পী গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে, ছাড়িয়া না যাও মোরে’ গান দুটি।

চঞ্চল চৌধুরী জানান, শুটিং চলাকালে গল্পের আবহে গান যুক্ত হলে সিনেমাটি আরও সমৃদ্ধ হবে বলে তাঁর মনে হয়েছিল। এ ভাবনা থেকেই পরিচালক ব্রাত্য বসুর কাছে তিনি গান ব্যবহারের প্রস্তাব দেন। পরিচালক সম্মতি জানান এবং শর্ত দেন—গান দুটি তাঁকেই গাইতে হবে। পরে ডাবিংয়ের মাধ্যমে কণ্ঠ দেওয়া হয়।

চঞ্চলের মতে, সিনেমার গল্প ও গান একত্রিত হয়ে দর্শকের অভিজ্ঞতাকে আরও গভীর করবে। ‘শেকড়’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প দ্রবময়ীর কাশীবাস ও দাদু অবলম্বনে।

সিনেমাটিতে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন ‘ইন্দ্র’ নামের এক শ্রমজীবী চরিত্রে, যার পিতা স্মৃতিভ্রংশে ভুগছেন। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কারণেই এই চরিত্রে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন চঞ্চল, কারণ তাঁর বাবাও মৃত্যুর আগে একই ধরনের অসুস্থতায় ভুগেছিলেন।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ ব্যানার্জি। বর্তমানে ছবিটির পোস্ট–প্রোডাকশন কাজ শেষের পথে।

চঞ্চল চৌধুরী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনসূয়া মজুমদার।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যেই ‘শেকড়’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।