সোমবার । জুন ৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৮ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শেয়ার

গুরুত্বপূর্ণ সফরে উত্তর কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট


kim-xi

ফাইল ছবি

সাত বছর পর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট ও চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং। সোমবার (৮ জুন) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। সফরটি বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শি জিনপিংয়ের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী ফং লি ইউয়ান, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সফরকালে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে চীন ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সমন্বয় এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে পারে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরকে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।