সোমবার । জুন ৮, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৮ জুন ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, আরও বাড়ার শঙ্কা


oil

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাত বাড়ার জেরে বিশ্ববাজারে এক লাফে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম, যা আগামী দিনগুলোতে আরও বাড়ার শঙ্কা তৈরি করেছে। গতকাল রবিবার (৭ জুন) লেবাননে ইসরায়েলের হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম প্রায় দুই ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা চরম ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে হঠাৎ এই বড় লাফ দেখা দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, হামলার ধাক্কায় মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য (ডব্লিউটিআই) ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল মার্কিন অপরিশোধিত তেলের দাম এক লাফে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬৪ ডলারে।

অন্যদিকে, বিশ্ববাজারের অন্যতম প্রধান মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্যও সমান্তরালভাবে লাফিয়ে বেড়েছে। একদিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কয়েক দিন বজায় থাকতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাত। লেবাননের বৈরুতে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানের অভ্যন্তরে পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

উভয় দেশের এই বিপজ্জনক পাল্টাপাল্টি সামরিক হামলা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির পথকে নতুন করে বড় ধরনের বাধার মুখে ফেলেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একই সাথে তেল সমৃদ্ধ এই অঞ্চলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে নতুন সংকটে ফেলতে পারে এবং আগামী দিনগুলোতে জ্বালানি তেলের দাম আরও রেকর্ড পরিমাণ বাড়তে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা।