
ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৭ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৫২৯ কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনাররা যোগ দেওয়ার পর শেয়ারবাজারে এমন ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচক ছিল ইতিবাচক ধারায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ১ হাজার ৫২৯ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা ।
আজ ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৪ টি কোম্পানির, বিপরীতে ১৬০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৩ লাখ ৮৩ হাজার টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৮০ টির এবং ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৯ পয়েন্টে, সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
গত ৪ জুন (বৃহস্পতিবার) বিএসইসির নতুন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দেয় সরকার। ওই দিনেই নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারগণ কমিশনে যোগ দিয়েছেন।











































