
ফাইল ছবি
দেশজুড়ে ডানা মেলছে বর্ষা। চট্টগ্রাম পেরিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবার ধেয়ে আসছে দেশের মধ্যাঞ্চলের দিকে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
সিনপটিক অবস্থা জানিয়ে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হওয়ার জন্য পরিবেশ পুরোপুরি অনুকূলে রয়েছে।
আগামী ৫ দিনের আবহাওয়ার দিনভিত্তিক চিত্র নিচে তুলে ধরা হলো:
রবিবার (৭ জুন): ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার (৮ জুন): বৃষ্টিপাতের পরিধি কিছুটা কমতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (৯ জুন): আবারও বাড়বে বৃষ্টির দাপট। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতা রয়েছে।
বুধবার (১০ জুন): রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি দুই বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এই ৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী সময়ে অর্থাৎ সপ্তাহের শেষভাগে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।













































