
ছবি: সংগৃহীত
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুজন। আজ শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত তিনজনই পেশায় দিনমজুর ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই একটি অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় দিনমজুরদের বহনকারী ওই অটোরিকশাটি মহাসড়কের উল্টোপথ (রং সাইড) দিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘শাহআলী সুপার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যানটিতে থাকা চালকসহ পাঁচজন যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশের একটি টিম। তারা স্থানীয় জনতার সহায়তায় নিহত তিন দিনমজুরের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। একই সঙ্গে অটোরিকশায় থাকা গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা দুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. ওসমান গণি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই দিনমজুর এবং তারা কাজের সন্ধানে উল্টোপথ ধরে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ঠিক কোন এলাকায় তাদের বাড়ি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের সঠিক নাম-পরিচয় ও পরিচয় শনাক্তের জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।













































