
ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। মৃতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫২২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছে ৯১ শিশু।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ৯১৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে।
এদিকে, একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে আরও ১১৭ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ৯ হাজার ৬২০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।













































