
ছবি- সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। শিরোপা নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। শনিবার (৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তের রোমাঞ্চকর ৪ মিনিটে দুই দলই একটি করে গোল করলে ম্যাচটিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে লড়লেও ম্যাচের প্রথম ৪১ মিনিট কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ডিফেন্সের দারুণ লড়াইয়ে ম্যাচটি যখন গোলশূন্য ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৪২ মিনিটে প্রথম গোল আদায় করে এগিয়ে যায় ভারত। তবে ভারতীয়দের সেই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র চার মিনিট। ৪৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল পরিশোধ করে বাংলাদেশকে সমতায় ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের হয়ে ম্যাচের এই গুরুত্বপূর্ণ সমতাসূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। মাঝমাঠ থেকে আনিকার পাস দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে তহুরা খাতুন দারুণ এক থ্রু বাড়ান ঋতুপর্ণার উদ্দেশ্যে। বল পেয়েই বিদ্যুৎ গতিতে বাঁ প্রান্ত দিয়ে ভারতীয় বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায় নেওয়া তার কোনাকুনি শটটি ভারতীয় গোলকিপারকে পুরোপুরি পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়।
এর আগে, ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোলের লিড পেয়েছিল ভারত। ভারতের ফরোয়ার্ড পেয়ারি জাজাকে আটকাতে বাংলাদেশের ডিফেন্ডার সুরভী আকন্দ প্রধানা ছুটে গিয়েছিলেন। তবে তিনি বল ফেসবুক ব্লক করতে ব্যর্থ হন, উল্টো বলটি তাঁর গায়ে লেগে নাটকীয়ভাবে দিক পরিবর্তন করে। সেই সময় বাংলাদেশের গোলকিপার মিলি আক্তার অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তার মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।












































