শুক্রবার । জুন ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৫ জুন ২০২৬, ৩:১০ অপরাহ্ন
শেয়ার

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা


BGB

সংগৃহীত ছবি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয় এবং তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।

শুক্রবার সকালে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকায় বিএসএফের সদস্যরা ১৭ জনকে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের শূন্যরেখার মধ্যে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বাহিনীটি জানিয়েছে।

এর আগে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তের ১১টি পয়েন্ট দিয়ে মোট ১২৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। এসব পয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, খুলনা ও ঝিনাইদহ জেলার সীমান্ত এলাকায় অবস্থিত।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে টহল বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।