
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে তিনি পুতিনকে সরাসরি মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ করার এখনই উপযুক্ত সময়। তাঁর দাবি, যুদ্ধের প্রভাব নিয়ে রাশিয়ার সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
জেলেনস্কি চিঠিতে উল্লেখ করেন, ক্ষমতায় আসার শুরুতে ইউক্রেনের বহু মানুষ পুতিনকে ইতিবাচকভাবে দেখলেও বর্তমানে সেই অবস্থান পুরোপুরি বদলে গেছে। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ মূলত পুতিনের ব্যক্তিগত সিদ্ধান্তের ফল এবং ইতিহাসও একে সেভাবেই মূল্যায়ন করবে। একই সঙ্গে তিনি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন, আধুনিক কোনো সেনাবাহিনীর জন্য এমন ক্ষতি দীর্ঘদিন বহন করা সম্ভব নয়।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার জনগণ এখন যুদ্ধ, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং নতুন সেনা সমাবেশের সম্ভাবনা নিয়ে অসন্তুষ্ট। তিনি দাবি করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা ক্রমেই সংকুচিত হচ্ছে, অন্যদিকে ইউক্রেন আন্তর্জাতিক সমর্থন ও সহায়তা অব্যাহতভাবে পাচ্ছে।
চিঠিতে জেলেনস্কি যুদ্ধের সমাধানে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে বলেন, সুইজারল্যান্ড, তুরস্ক বা আরব বিশ্বের কোনো নিরপেক্ষ দেশে দুই নেতার বৈঠক হতে পারে। সেই আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে রাখার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আলোচনার পুরো সময় জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, সব যুদ্ধবন্দির বিনিময় এবং যুদ্ধের সময় স্থানান্তরিত বেসামরিক নাগরিক ও শিশুদের ফেরত দেওয়ার প্রস্তাব দেন।
চিঠির শেষাংশে জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধে উদ্যোগ না নেয়, তাহলে ইউক্রেন নিজের অস্তিত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন।












































