
বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন।
বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুময়ুন কবীর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ বাংলাদেশ ও তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৫ জুন) সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে হাকান ফিদানের। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে বলে জানা গেছে।
বৈঠকের পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান জীবনযাত্রা, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং সংকট মোকাবিলায় চলমান উদ্যোগগুলো পর্যবেক্ষণ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। এ সময় দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক মহলের মতে, এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন গতি দেবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে সহায়ক ভূমিকা পালন করবে।













































