
ফাইল ছবি
দেশে জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, উচ্চ মূল্যস্ফীতি, কাঠামোগত দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের অর্থনীতি এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে রয়েছে।
সিপিডির পর্যালোচনায় দেখা গেছে, গত এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় ও বিভিন্ন সেবার খরচ বেড়েছে, যা সরাসরি নিত্যপণ্যের দামে প্রভাব ফেলছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় কম থাকায় সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতা আরও কমেছে। গত ডিসেম্বর থেকে মে পর্যন্ত ডিজেলের দাম ১৫ শতাংশ এবং পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও মধ্যস্বত্বভোগীদের আধিপত্যকেও মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সিপিডি। সংস্থাটির মতে, সরবরাহ ব্যবস্থার নানা স্তরে অতিরিক্ত মুনাফার কারণে খুচরা পর্যায়ে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়ে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হেলেন মাশিয়াত বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে শুরু করায় নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন ছিল না। তিনি কম বিদ্যুৎ ব্যবহারকারীদের সুরক্ষা দিয়ে বেশি ব্যবহারকারীদের ওপর বাড়তি মূল্য আরোপের পরামর্শ দেন।
অন্যদিকে, সাম্প্রতিক হাওর অঞ্চলের বন্যায় কৃষি খাতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সিপিডির পর্যালোচনায় উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, বন্যার কারণে প্রায় ৫ লাখ ২২ হাজার মেট্রিক টন ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ৩ লাখ ৩৯ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সমতুল্য।
ব্যাংকিং খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সংস্থাটির দাবি, খেলাপি ঋণের হার কমেছে বলে যে চিত্র দেখানো হচ্ছে, তা প্রকৃত পরিস্থিতির প্রতিফলন নয়। ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন ও রাইট-অফের মাধ্যমে প্রকৃত সংকট আড়াল করা হয়েছে। ড. ফাহমিদা খাতুন জানান, ১৭টি ব্যাংকের সম্পদমান পর্যালোচনার মধ্যে ছয়টি ব্যাংকে প্রকাশিত হিসাবের তুলনায় অনেক বেশি খেলাপি ঋণের তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান। তাঁর মতে, অতিরিক্ত শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়ার পরামর্শও দেন তিনি।









































