বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ জুন ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
শেয়ার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত


meeting-with-pm

ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা ও মহাপরিকল্পনার সার্বিক অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, সরকারের বিশেষ উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগেই দেশবাসীর সামনে আমাদের একটি প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছিল। জনগণের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিস্তা অঞ্চলের মানুষের ভাগ্যন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার মূল কার্যক্রমগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা চলছে।”

মহাপরিকল্পনাটি নিখুঁত ও স্থায়ীভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ দল মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এর পাশাপাশি কাজের গতি বাড়াতে এবং কারিগরি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার জন্য নতুন করে আরও একটি ‘আট সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি’ গঠন করা হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গঠিত এই বিশেষজ্ঞ কমিটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী মাঠপর্যায়ের কার্যক্রম পুরোদমে শুরু হবে।