শুক্রবার । জুন ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৫ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বকাপের আগে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক


france-Ivory-Coast

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আইভরি কোস্ট। বৃহস্পতিবার (৪ জুন) নানতেঁসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আফ্রিকার দলটি ২-১ গোলে পরাজিত করেছে ফরাসিদের।

আইভরি কোস্টের ফুটবল ইতিহাসে ফ্রান্সের বিপক্ষে এটিই প্রথম জয়ের রেকর্ড। অন্যদিকে এই হারের মধ্য দিয়ে ফরাসিদের টানা ৯ ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটল।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল ফ্রান্সই। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির তারকা রায়ান চেরকির দুর্দান্ত এক কোলে লিড নেয় স্বাগতিকরা। তবে বিরতির পর দিদিয়ের দেশমের শিষ্যরা মাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ পূর্ণাঙ্গভাবে কাজে লাগায় আইভরি কোস্ট।

দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলাতে বেশ হিমশিম খেতে হয় ফরাসিদের। ম্যাচের ৫৩তম মিনিটে নিকোলাস পেপের পাস থেকে বল পেয়ে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনোকে পরাস্ত করে আইভরি কোস্টকে সমতায় ফেরান গুয়েলা দুয়ে। উল্লেখযোগ্য বিষয় হলো, গুয়েলার ছোট ভাই দেজিরে দুয়ে বর্তমানে ফ্রান্স জাতীয় দল ও পিএসজির হয়ে খেলেন; ফলে এক অর্থে ভাইয়ের দলের বিপক্ষেই গোল উৎসব করেন তিনি।

সমতা ফেরানোর পরও আক্রমণাত্মক খেলা বজায় রাখে আফ্রিকার দলটি। ম্যাচের শেষ দিকে এই গুয়েলা দুয়েরই দারুণ এক ক্রস থেকে ডি-বক্সের ভেতরে আলতো ট্যাপ-ইনে আইভরি কোস্টের জয়সূচক গোলটি করেন আমাদ দিয়ালো। পরিস্থিতি সামাল দিতে কোচ দেশম দ্বিতীয়ার্ধে দলে প্রায় ১০টি পরিবর্তন আনেন। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে কয়েকটি আক্রমণ গড়ে তুললেও বিরতির সময়ই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

এই ম্যাচে হারের স্বাদ পেলেও ফ্রান্সের জন্য একমাত্র স্বস্তির বিষয় ছিল গোলদাতা রায়ান চেরকির উজ্জ্বল পারফরম্যান্স। তাঁর এই চমৎকার নৈপুণ্য আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপে ফ্রান্সের উদ্বোধনী ম্যাচে মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে পরাশক্তি ফ্রান্সের বিপক্ষে এই জয় আইভরি কোস্টের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করেছে, যারা আগামী ১৫ জুন ইকুয়েডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে। আর এই match থেকে বড় ধাক্কা খাওয়া ফ্রান্স আগামী সোমবার (৮ জুন) লিলিতে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।