শুক্রবার । জুন ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৫ জুন ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত


sirajganj-accident

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মো. মোতালেব সরকার (৪০), তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের অটোভ্যান চালক মো. নুরু (৪৫)। এছাড়া মোতালেব সরকারের মেয়ে তামান্না খাতুন (১৬) আশঙ্কাজনক অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে সেটি রাস্তার ওপর বিকল হয়ে পড়ে। ঠিক ওই সময়ে ঢাকা থেকে এনায়েতপুরগামী ‘ঢাকা এক্সপ্রেস পরিবহণ’-এর একটি দ্রুতগামী বাস বিকল হওয়া অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয় এবং তামান্না গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।