শুক্রবার । জুন ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৫ জুন ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা


BD Bank

বন্ধ ও আংশিক সচল শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত নীতিমালা জারি করে দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে। তহবিলের আওতায় ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে, যেখানে বর্তমানে ঋণের সুদহার ১২ থেকে ১৪ শতাংশের মধ্যে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে গঠিত এই তহবিলের মূল লক্ষ্য হলো উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। কেন্দ্রীয় ব্যাংক নিজে ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে অর্থায়ন করবে।

নীতিমালা অনুযায়ী, বৃহৎ শিল্প ও সেবা খাতের বন্ধ বা আংশিক বন্ধ প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবে। একটি প্রতিষ্ঠান বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত চলতি মূলধন ঋণ নিতে পারবে। তবে ঋণখেলাপি, অর্থপাচার, জালিয়াতি বা ঋণের অপব্যবহারের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না।

ঋণের অর্থ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুৎ-গ্যাস বিল পরিশোধ এবং কাঁচামাল সংগ্রহে ব্যবহার করা যাবে। আগের কোনো ঋণ পরিশোধ বা সমন্বয়ের জন্য এ অর্থ ব্যবহার নিষিদ্ধ। শ্রমিকদের বেতন সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে দিতে হবে।

ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানগুলোতে ব্যাংকের প্রতিনিধি নিয়োগ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব থেকে অর্থ কেটে নেওয়ার পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ দণ্ড সুদ আরোপ করবে বাংলাদেশ ব্যাংক।

নীতিমালার সফল বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।