
গত এপ্রিলে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করে ইরাক
চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরাক। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দেশটির প্রধান কোচ গ্র্যাহাম আর্নল্ড।
অস্ট্রেলিয়ান এই কোচ মূলত সেই খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন, যারা ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের কঠিন পথ পেরিয়ে ইরাককে বিশ্বকাপের টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ স্ট্রাইকার আয়মান হুসেইন। দীর্ঘদিন ধরে ইরাকি ফুটবলের অন্যতম নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিত এই ফরোয়ার্ডের কাঁধেই থাকবে অধিনায়কত্বের দায়িত্ব। আক্রমণভাগে তাকে সহযোগিতা করবেন ইংলিশ ক্লাব ইপসউইচ টাউনের ফরোয়ার্ড আলি আল-হামাদি, তরুণ উইঙ্গার আলি জসিম এবং ইউসেফ আমিন।
তবে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে আলোচিত অনুপস্থিতি ডিফেন্ডার ডারি নামোর। সম্প্রতি তিনি ইরাকের নাগরিকত্ব ত্যাগ করে ফিনল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে দেশটির বয়সভিত্তিক জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন।
মধ্যমাঠে অভিজ্ঞতা ও সৃজনশীলতার সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন আর্নল্ড। সেই লক্ষ্যে ইউরোপিয়ান ফুটবলে খেলা কয়েকজন পরিচিত মুখকে দলে রেখেছেন তিনি। তাদের মধ্যে জিদান ইকবাল ও আয়মার শের অন্যতম।
এদিকে সম্ভাব্য চোট-আঘাতের ঝুঁকি মাথায় রেখে গোলরক্ষক কামিল সাদিককে ট্রেনিং ক্যাম্পে রাখা হয়েছে অতিরিক্ত বিকল্প হিসেবে।
গত এপ্রিলে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করে ইরাক। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলবে দেশটি।
গ্রুপ ‘আই’-এ ইরাকের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ে। শক্তিশালী এই গ্রুপ থেকে পরের পর্বে জায়গা করে নিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে মধ্যপ্রাচ্যের দলটিকে।
ইরাকের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ফাহাদ তালিব, জালাল হাসান, আহমেদ বাসিল।
ডিফেন্ডার: হুসেইন আলি, মানাফ ইউনিস, জাইদ তাহসিন, রেবিন সুলাকা, আকাম হাশেম, মার্চেস ডোস্কি, আহমেদ ইয়াহিয়া, জাইদ ইসমাইল, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন।
মিডফিল্ডার: আমির আল-আমারি, কেভিন ইয়াকুব, জিদান ইকবাল, আয়মার শের, ইব্রাহিম বায়েশ, আহমেদ কাসিম, ইউসেফ আমিন, মার্কো ফারাজি।
ফরোয়ার্ড: আলি জসিম, আলি আল-হামাদি, আলি ইউসেফ, আয়মান হুসেইন ও মোহাম্মদ আলি।














































