সোমবার । জুন ১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শেয়ার

পিএসজি’র চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে দাঙ্গা, গ্রেপ্তার ৭৮০


paris

সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে ব্যাপক উল্লাসের মধ্যেই সহিংসতার ঘটনা ঘটেছে। রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ২১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪৫০ জনের বেশি এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে মোতায়েন করা ৬ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৫৭ জন আহত হয়েছেন।

শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি জয় নিশ্চিত করার পর হাজারো সমর্থক প্যারিসের রাস্তায় নেমে আসেন। তবে উৎসবের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হয়, মোটরবাইকে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্যারিস পুলিশ জানিয়েছে, রাজধানী থেকেই ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৭৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে, যার মধ্যে ৮২ জন অপ্রাপ্তবয়স্ক।

এদিকে প্যারিসের রিং রোড এলাকায় এক ২৪ বছর বয়সী যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি মোটরসাইকেল চালানোর সময় কংক্রিটের বাধায় ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন। এছাড়া শহরের অন্য একটি এলাকায় মারামারির ঘটনায় এক কিশোর গুরুতর আহত হয়েছে। তবে এই ঘটনাগুলোর সঙ্গে ফুটবল-উল্লাসজনিত সহিংসতার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

রোববার পিএসজির বিজয় শোভাযাত্রা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইফেল টাওয়ারের আশপাশে হাজারো সমর্থক জড়ো হয়ে খেলোয়াড়দের স্বাগত জানান। শোভাযাত্রার অংশ হিসেবে দলটি শঁ দ্য মার্স এলাকায় সমর্থকদের সঙ্গে উদযাপনে অংশ নেয়।