
রোববার (৩১ মে) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধী চক্রের আধিপত্য কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে এলাকাটিকে অপরাধমুক্ত করে সাধারণ মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
রোববার (৩১ মে) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনের পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অপরাধী চক্র ও ভূমিদস্যুদের প্রভাবে এলাকাটিতে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে সংঘটিত কয়েকটি সশস্ত্র হামলা ও চাঁদাবাজির ঘটনার পর বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়, যার মাধ্যমে অপরাধীদের প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি জানান, জঙ্গল সলিমপুরে অপরাধীরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নজরদারি ব্যবস্থা ও বিভিন্ন অবকাঠামো গড়ে তুলেছিল। যৌথ অভিযানে এসব কার্যক্রম ভেঙে দেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তথ্য ফাঁসের কারণে অভিযানের পূর্ণ সফলতা বাধাগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। র্যাবের নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলেও জানান মন্ত্রী।
এলাকার সাধারণ বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, যেসব মানুষ বাস্তব কারণে সেখানে বসবাস করছেন, তাদের নিয়ে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে। প্রকৃত বাসিন্দাদের পুনর্বাসনের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে এবং বর্তমানে কাউকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি।
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরকে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা সম্প্রসারণ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে। একই সঙ্গে পুলিশ, বিজিবি ও র্যাবের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, অপরাধপ্রবণ অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযান ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। জনগণের সহযোগিতায় দেশে আইনের শাসন সুদৃঢ় করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।









































