
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।
মোস্তাক মিয়ার ভাষ্য, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকেই এই অর্থ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী রাজনীতির কথা বলা হলেও বাস্তবে সেই আদর্শের প্রতিফলন দেখা যায়নি।
অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমেরও প্রশংসা করেন। মোস্তাক মিয়া বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে কাজ করছেন এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।










































