
সংগৃহীত ছবি
বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে যাওয়ার পথে বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ‘চোর, চোর’ স্লোগান দেন এবং জুতো, ডিম ও ইট নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে কামালগাজি এলাকায় একদল নারী কালো পতাকা প্রদর্শন করেন। পরে সোনারপুরে প্রবেশ করলে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। মোটরসাইকেলে থাকা অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলার চেষ্টাও করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা তাঁকে ঘিরে ফেলেন। ডিম ও জুতোর আঘাত থেকে রক্ষা করতে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং কড়া নিরাপত্তাবেষ্টনী তৈরি করে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে বিক্ষোভের মুখেও শেষ পর্যন্ত পুলিশের পাহারায় নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে, আর তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের কেন্দ্র ভবানীপুরে পরাজিত হন।











































