শনিবার । মে ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শেয়ার

দেশজুড়ে বৃষ্টির আভাস, চট্টগ্রামে হতে পারে ভারী বর্ষণ


Rain Dhaka

ফাইল ছবি

দেশের আট বিভাগেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় এমন আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, যেখানে পারদ উঠেছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, যেখানে ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।