
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে গভীর সমুদ্রে অবস্থানরত জাহাজটিতে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে কাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন নেভানোর কাজে কোস্ট গার্ডের দুটি বড় জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নিয়েছে। এর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ কোস্ট গার্ডের দুটি বিশেষায়িত অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তীব্র ঢেউ ও সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেই চলছে উদ্ধার অভিযান।
তবে তেলবাহী জাহাজটিতে ঠিক কী কারণে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো এবং এর ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কোস্ট গার্ড কর্তৃপক্ষ। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনাই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উদ্ধারকর্মীরা।













































