
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম নিজ এলাকা বগুড়ায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে মাঠের সাধারণ মুসল্লিদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মুশফিক। তবে গত ঈদুল ফিতরের মতো এবার আর তিন প্রজন্মের একসাথে ঈদের নামাজ পড়া হয়ে ওঠেনি তাঁদের। মুশফিকুর রহিমের ছেলে শাহরোজ রহিম মায়ান হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় বাবার সঙ্গে ঈদগাহ মাঠে আসতে পারেনি। ফলে মুশফিকুর রহিম ও তাঁর বাবা মাহবুব হামিদ তারা দুই প্রজন্ম একসাথেই ঈদের নামাজ আদায় করেন। এর আগে সকালে বাড়ি থেকে বের হয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজেদের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন এই তারকা ক্রিকেটার।
ঈদের নামাজ শেষে সংবাদমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ উদযাপন করবেন। একইসাথে তিনি কোরবানির মূল তাৎপর্য মনে করিয়ে দিয়ে আরও বলেন, আমাদের পাড়া-প্রতিবেশী যারা গরিব ও অসহায় মানুষ আছেন—সবাইকে সাথে নিয়ে যেন আমরা কোরবানির ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিই, সেই অনুরোধ রইল।















































