
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) নরসিংদীর মনোহরদীতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক মায়ের অনুরোধে ওয়ার্ডের এসি বন্ধ করার পর গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয় এবং দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হামের প্রাদুর্ভাব নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সময়মতো পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম চলমান।
এছাড়া আক্রান্ত শিশুদের থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈদের পর হাম পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।












































