বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ মে ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


PM Eid

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শেষে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করার পর তিনি ঈদগাহে উপস্থিত সর্বস্তরের মুসল্লিদের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীকে অত্যন্ত আন্তরিক ভঙ্গিতে সাধারণ মুসল্লিদের সাথে হাত মেলাতে এবং কোলাকুলি করতে দেখা যায়। দেশের সরকারপ্রধানকে এভাবে একদম কাছে পেয়ে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়ে সেখানে উপস্থিত অনেক মুসল্লিই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে হাত মেলাতে ও একটু দেখার জন্য উৎসুক মানুষের ভিড় ও চাপ সামলাতে বেশ বেগ পেতে হয় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এর আগে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সাধারণ মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়ে এই জামাতে ঈদের নামাজ আদায় করেন।

PM - President

ঐতিহাসিক এই প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা অংশ নেন। তাঁদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতগণসহ সর্বস্তরের হাজারো মানুষ এই মাঠে ঈদের নামাজ আদায় করেন।