
তারকা পেসার তাসকিন আহমেদ
পবিত্র ঈদুল আজহা উদযাপনের আনন্দের মধ্যেও জাতীয় দলের ক্রিকেট ও আগামী সিরিজ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
সকালে ঈদের নামাজ আদায় শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন আহমেদ শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি। আল্লাহর রহমতে এটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ যেন সামনেও এই তাওফিক দেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন।”
পরবর্তীতে আগামী মাসে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ নিয়ে কথা বলেন এই স্পিডস্টার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি ও নিজেদের সম্ভাবনা নিয়ে তাসকিন জানান, “আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও আশাবাদী। কারণ আমরা গত কয়েকটি সিরিজ জিতেছি। এই জয়ের ধারাবাহিকতাটা যদি বজায় রাখা যায়, তবে ইনশাআল্লাহ সামনে আমাদের অনেক উন্নতি হবে।”
আসন্ন সিরিজগুলোর জন্য দল ধাপে ধাপে এগোচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ তো এখনো দেরি আছে। তার আগে বেশ কিছু সাদা বলের খেলা আছে। তাই দূর অতীতের চিন্তা না করে আমরা বর্তমান নিয়ে বা সামনের ম্যাচগুলো নিয়েই ভাবছি।”
উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। এই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য নিজেদের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে আগামী জুনের প্রথম সপ্তাহ থেকেই আনুষ্ঠানিক অনুশীলন শুরু করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।














































