বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


salauddin

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐক্য ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৮ মে) ঢাকার গুলশানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সরকারপ্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে একতাবদ্ধ হতে হবে। সরকারের মূল লক্ষ্য ও দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—’সবার আগে বাংলাদেশ’। আমরা বিশ্বাস করি, ‘আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এই মূলনীতিকে বুকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

বিগত দিনের পরিবর্তনের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী বাংলাদেশে দেশের জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছেন। এই স্বাধীন আবহ ও স্বস্তির কারণেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করার সৌভাগ্য লাভ করেছেন। একই সাথে তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিতভাবে প্রার্থনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। পরে তাঁরা বনানী কবরস্থানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের পিতার কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী পিলখানা হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাতবরণকারী তৎকালীন বিডিআর-এর (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এবং দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।