বৃহস্পতিবার । মে ২৮, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৮ মে ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার

সৌদিতে ঈদের নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


ismail

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী মোহাম্মদ ইসমাইল। বুধবার (২৭ মে) সকালে সৌদি আরবের তায়েফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালীর মরহুম ছগির আহমদের একমাত্র ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্বজনরা জানান, ঈদের দিন সকালে অন্য মুসল্লিদের সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে বাসা থেকে বের হন ইসমাইল। পথে আকস্মিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইসমাইলের ভাগনে ফারুক জানান, জীবিকার তাগিদে সৌদি আরবে আসা ইসমাইলের দেশে স্ত্রী ও মাত্র ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ঈদের দিনে তার এই আকস্মিক ও অকালমৃত্যুর খবর কক্সবাজারের গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো পরিবারে উৎসবের আনন্দ রূপ নেয় শোকের মাতমে।

বর্তমানে ইসমাইলের মরদেহ সৌদি আরবের তায়েফ শহরের একটি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে আনার জন্য জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা চেয়েছে পরিবার।