
সংগৃহীত ছবি
শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার সকালে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কোনো আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।
গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে সাত বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর স্থানীয়রা প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত।











































