শুক্রবার । মে ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ মে ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


ramisa-house

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় নিহত রামিসার বড় বোন রাইসা আক্তারের ভবিষ্যতের পড়াশোনাসহ সব ধরনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে তিনি রাজধানীর মিরপুর-১১ নম্বরে রামিসার পরিবারের ভাড়া বাসায় পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে সর্বোচ্চ বিচার নিশ্চিতের সুদৃঢ় আশ্বাস দেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী শিশু রামিসার গলা কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই লোমহর্ষক ঘটনার পর তদন্তে নেমে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায় প্রশাসন। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে হাজির করা হলে সে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতা করার অপরাধে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। পুরো মামলার বিচার প্রক্রিয়াটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শেষ করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।