
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর দুই শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত দুই মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ শিশু, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪১৪ জনের।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৬০ হাজার ৫৪০ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।










































