
ফাইল ছবি
রাজধানীসহ সারা দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪০৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯ জন। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ১৮ মে পর্যন্ত দুই মাসে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। এর মধ্যে ল্যাব টেস্ট ও পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে একটি বড় অংশ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ৯৮০ জন।
চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সাধারণত শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা গেলেও যেকোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারেন। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।










































