শুক্রবার । মে ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৫ মে ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
শেয়ার

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু


Hum Card

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আটজনের মধ্যে হামের উপসর্গ ছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১১ জন। গত দুই মাসে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ৪১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে। একই সময়ে নিশ্চিত হামে মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে।