
মৌনী রায়
বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা-কল্পনার পর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতির মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান তারা।
সম্প্রতি দুজন একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করায় বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছিলেন মৌনী। তবে শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙনের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দম্পতি।
যৌথ বিবৃতিতে তারা জানান, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত হস্তক্ষেপে তারা হতাশ। পরিস্থিতি সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দিতে দুজনই কিছুটা ব্যক্তিগত সময় নিতে চান। মৌনী বলেন, সম্পর্ক শেষ হলেও তাদের বন্ধুত্ব ও একসঙ্গে কাটানো সময় সবসময় মূল্যবান হয়ে থাকবে।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, তাদের নিয়ে মিথ্যা গল্প বা গুজব না ছড়াতে এবং এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে।
জানা যায়, ২০১৯ সালে দুবাইয়ে পরিচয়ের পর মৌনী ও সুরজের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর প্রেমের পর ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই দম্পতি।
টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনী রায় ‘কস্তুরি’, ‘নাগিন’সহ একাধিক আলোচিত ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘গোল্ড’, ‘ব্রক্ষাস্ত্র’ ও ‘মেড ইন চায়না’ সিনেমাতেও দেখা গেছে তাকে।








































