
বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে এ রোগের প্রকোপ বাড়ছে এবং অনেক রোগী সময়মতো চিকিৎসা না পাওয়ায় জটিলতার মুখে পড়ছেন
বাংলাদেশে ভালভুলার হার্ট ডিজিজ বা হৃদযন্ত্রের ভালভজনিত রোগের প্রকোপ বাড়ছে এবং অনেক রোগী সময়মতো চিকিৎসা না পাওয়ায় জটিলতার মুখে পড়ছেন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভালভুলার হার্ট ডিজিজ বা হৃদযন্ত্রের ভালভজনিত রোগের আধুনিক চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক রাউন্ড টেবিল সেশনে এমন মন্তব্য করেন তারা।
রাজধানীতে ইউনিকো হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত ‘Updates in Management of Valvular Heart Disease: Enhancing Awareness and Care’ শীর্ষক এই রাউন্ড টেবিল সেশনে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা অংশ নেন।
অনুষ্ঠানে ভালভুলার হার্ট ডিজিজের সর্বশেষ ডায়াগনস্টিক পদ্ধতি, আধুনিক চিকিৎসা কৌশল এবং রোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে এ রোগের প্রকোপ বাড়ছে এবং অনেক রোগী সময়মতো চিকিৎসা না পাওয়ায় জটিলতার মুখে পড়ছেন।
রাউন্ড টেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. ফাইজুস সাজ্জাদ। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং সমন্বিত মেডিকেল ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
প্রধান অতিথির বক্তব্যে রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম (শাকিল) বলেন, এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি রোগীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জাহির রায়হান।
ডা. মোস্তাক ইবনে আয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আর্দ্রা কুরিয়েন, বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, চিকিৎসক ও হাসপাতাল ব্যবস্থাপনার সদস্যরা।
আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য হৃদরোগের চিকিৎসা এখনো ব্যয়বহুল ও কঠিন। তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা ও চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সহজলভ্য ও সাশ্রয়ী কার্ডিয়াক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।










































