
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি এক বছর সোনা না কেনার আহ্বান জানিয়েছেন। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে তিনি জানান।
হায়দরাবাদে এক সমাবেশে মোদি বলেন, ভারতকে এখন বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে। এজন্য মানুষকে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমাতে, জ্বালানি সাশ্রয় করতে এবং প্রয়োজনে আবার বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) চালু করতে হবে।
তিনি আরও বলেন, ভারত বিশ্বের বড় স্বর্ণ আমদানিকারক দেশ। বেশি সোনা কিনলে দেশের ডলারের খরচ বাড়ে এবং অর্থনীতিতে চাপ পড়ে। তাই দেশের স্বার্থে অন্তত এক বছর সোনা না কেনার অনুরোধ জানান তিনি।
মোদি মানুষকে মেট্রোরেল ব্যবহার, কারপুলিং এবং বৈদ্যুতিক গাড়ি ব্যবহারেরও পরামর্শ দেন। পাশাপাশি পণ্য পরিবহনে রেলপথ বেশি ব্যবহারের আহ্বান জানান, যাতে জ্বালানির খরচ কমানো যায়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। এর প্রভাব স্বর্ণের বাজারেও পড়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে স্বর্ণের চাহিদা বাড়লেও উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির আশঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল







































