
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ।। ফাইল ছবি
স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর রাজনৈতিক সংকটে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলটির ভেতর থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে।
লেবার এমপিদের একটি বড় অংশ মন্ত্রিসভার সদস্যদের দ্রুত নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে ৩০ জনের বেশি লেবার এমপি স্টারমারের পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন।
সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ইংল্যান্ডে লেবার পার্টি প্রায় ১,৫০০ কাউন্সিলর পদ হারিয়েছে। ওয়েলসে দলটির ২৭ বছরের শাসনেরও অবসান হয়েছে। অন্যদিকে ডানপন্থী রিফর্ম ইউকের জনপ্রিয়তা বেড়েছে।
তবে দলটির কিছু নেতা এখনো স্টারমারের পক্ষে রয়েছেন। তারা বলেছেন, নতুন নেতৃত্বের লড়াই পরিস্থিতিকে আরও জটিল করবে।
সংকট মোকাবিলায় স্টারমার সোমবার গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন। সেখানে তিনি ব্রিটেনের সঙ্গে ইউরোপের সম্পর্ক পুনর্গঠনের ওপর গুরুত্ব দিতে পারেন বলে জানা গেছে।
২০২৪ সালে বিপুল জয় নিয়ে ক্ষমতায় আসা স্টারমারের জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে কমে গেছে। জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে শীতকালীন জ্বালানি ভাতা কমানো এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে ঘিরে বিতর্ক তার সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল








































